সাতক্ষীরা শহরে ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযানে প্রায় ২৬০ কেজি জেলি-পুশকৃত বিষাক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে এসব চিংড়ি গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়।
রোববার (৫ জুলাই, ২০২৬) রাতে শহরের সঙ্গীতা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন।
জানা যায়, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাতক্ষীরা থেকে ঢাকাগামী বিভিন্ন পরিবহনে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর জেলি-পুশকৃত চিংড়ি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছে—এমন একটি গোপন সংবাদ আসে জেলা প্রশাসনের কাছে। এই তথ্যের ভিত্তিতে রোববার রাতে শহরের সঙ্গীতা মোড় এলাকায় তাৎক্ষণিক অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তল্লাশিকালে একটি পরিবহন থেকে ২৬০ কেজি জেলি-পুশ করা চিংড়ি জব্দ করা হয়।
জব্দকৃত চিংড়িগুলো জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় রাতেই সবার সামনে গাড়ির চাকায় পিষ্ট করে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ওজন বাড়াতে চিংড়ি মাছে জেলি বা অন্যান্য রাসায়নিক পদার্থ পুশ করা সম্পূর্ণ অবৈধ এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খাদ্যে ভেজাল ও ক্রেতা সাধারণের সাথে প্রতারণার বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান।
তিনি আরও জানান, জনস্বার্থ রক্ষা এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে জেলা প্রশাসনের এমন নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন