× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০১:০২ পিএম

বৃষ্টিতে ডুবল কুমিল্লা নগরী

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীসহ জনদুর্ভোগ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০১:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাতভর টানা ভারি বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা। মাত্র তিন ঘণ্টার প্রবল বর্ষণেই প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে নগরীর অধিকাংশ সড়ক পানির নিচে চলে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। অনেককে কাকভেজা অবস্থায় গন্তব্যে যেতে দেখা যায়।

টানা বৃষ্টিতে বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন হাজারো মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের পরিবার, দিনমজুর ও কর্মজীবীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেকের ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পানিতে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে হাঁটুসমান পানি জমে। অনেক পরীক্ষার্থী পানি মাড়িয়ে, আবার কেউ নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান।

নগরীর জিলা স্কুল সড়ক, পুলিশ লাইনস, রেসকোর্স, চর্থা, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর ও শহরতলীর ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা যায়। বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও নিচু স্থাপনায় পানি ঢুকে পড়ে। অনেক স্থানে ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

এদিকে জলাবদ্ধতার সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া গুনতে বাধ্য হচ্ছেন সাধারণ যাত্রীরা।

কুমিল্লা মহিলা সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাত বলেন, সকালে পরীক্ষা দিতে এসে দেখি পুরো রাস্তা ও কলেজ প্রাঙ্গণ পানিতে তলিয়ে গেছে। হেঁটে যাওয়া সম্ভব ছিল না। বাধ্য হয়ে নৌকায় করে কলেজে যেতে হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা দিতে এসে খুব ভোগান্তিতে পড়েছি।

কুমিল্লা ভিক্টোরিয়ার সরকারি কলেজের রাকিব হোসেন বলেন, প্রতি বছর বর্ষা এলেই একই সমস্যা দেখা দেয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই কলেজ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।

এ বিষয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ কে এম জহিরুল আলম বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়ে কলেজ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর আরও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!