টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাতটি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার। এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এ মানবিক কার্যক্রমে অংশ নেন।
ত্রাণ বিতরণকালে জিয়াউর রহমান বলেন, প্রকৃত বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তিনি জানান, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে এবং এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ত্রাণ বিতরণে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না।
ত্রাণ বিতরণ শেষে ইউএনও উম্মে তাহমিনা মিতু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত যতন কুমার কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে শিক্ষার্থীদের পাঠদান স্বাভাবিক রাখতে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় মেরামতের আশ্বাস দেন তারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন