নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের ৩ নম্বর ইন্টারসেকশনের নিচে একটি আমবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ জেলার সাপাহার থেকে কুমিল্লার উদ্দেশে আমবোঝাই পিকআপ ভ্যানটি যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ দুজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এ ঘটনায় পিক আপভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন