কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কাছুম আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার ছাতিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাছুম আলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। আহতরা হলেন- রমিজ মেম্বার ও হিরু মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ কাজে বাধা দেন কাছুম আলীসহ স্থানীয় কয়েকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
এরই জেরে শনিবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে জুম্মন ও তার লোকজন ধারালো দা নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করলে আতঙ্কের মধ্যে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিকলী থানার ওসি মাহবুবুর রহমান রূপালী বাংলাদেশকে জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় কাছুম আলী অসুস্থ হয়ে পড়ে যান। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন