চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে ছোট কুমিরা এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আশেক জানান, নোয়াখালীগামী ‘জোনাকি’ পরিবহনের বাসটি চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের চমেক হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একই সময়ে প্রায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবককে মৃত ঘোষণা করা হয়। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা শাহ (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। তাদের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বাসটি চলার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন