মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণ প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ এবং লুণ্ঠিত নির্মাণসামগ্রীর একটি অংশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মাইন উদ্দিন (৪৫), মো. ছোটন (৩০), মো. রিয়াজুল ইসলাম (২৬), মো. আবুল খায়ের (৪০), মো. শাহ আলম (২৩), মো. রনি শিকদার (৩৪), মো. মেহেদী হাসান (৩৮), মনোরঞ্জন দাস (২৭), মো. আল আমিন সানা (১৯), অলোকেশ মণ্ডল (৩৫), সারাফত উদ্দিন সুমন (২৪), মো. অলিউর রহমান (২৪), মো. জামাল (৪০), মো. মৃদুল আহম্মেদ তুষার (২৬), মো. সজল হোসেন (৩০), মো. আরিফ (৪০), মো. মিরাজ (৪০), মো. আলী (৪০) এবং মো. রফিক (৩৩)।
পুলিশ জানায়, গত ১১ জুলাই রাত প্রায় ২টার দিকে গজারিয়া উপজেলার বালুবাকান্দি এলাকায় অবস্থিত ‘দি জিয়া অ্যান্ড ব্রাদার্স’ কনস্ট্রাকশন সাইটে ৩ থেকে ৪ জন সশস্ত্র ব্যক্তি প্রবেশ করে। তারা সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে একটি কনটেইনার কক্ষে আটকে রাখে। এরপর সাইটে থাকা বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নিয়ে যায়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে দুটি ট্রাককে সন্দেহের তালিকাভুক্ত করে। পরে যানবাহনের মালিকানা, ট্রাক ভাড়ার তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি ট্রাক শনাক্ত করা হয়। এ ঘটনায় ট্রাকের মালিকসহ সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, গত ১৪ জুলাই প্রথমে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হয়। পরবর্তী তদন্তে ডাকাতির ঘটনায় আরও একটি ট্রাক ব্যবহারের তথ্য পাওয়া যায়। পরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দ্বিতীয় ট্রাকটি জব্দ এবং এর চালককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে পর্যায়ক্রমে শ্রমিক ও স্থানীয় সহযোগীসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশের ভাষ্য, পলাতক আসামিদের গ্রেপ্তার, অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন