কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) পরিচালিত এ অভিযানে অংশ নেয় বিজিবি, এপিবিএন, জেলা পুলিশ, র্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (আরআরআরসি)।
অভিযানকালে আটক এক ব্যক্তির কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটক ৯ জনের মধ্যে ৭ জন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত এ ধরনের অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্তবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন