নেত্রকোনার কলমাকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এ মামলা দায়ের করা হয়েছে।
রোববার ২৬ জুলাই রাত ১০টার দিকে কলমাকান্দা থানার উপপরিদর্শক এসআই মো. আব্দুল মান্নান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- উপজেলার পোগলা ইউনিয়নের চারুলিয়া গ্রামের মৃত তপন সরকারের ছেলে পাপন সরকার ২৮ এবং একই গ্রামের সামিরন সরকারের ছেলে সাগর সরকার ২৬।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই শুক্রবার দুপুর ১২টার দিকে আসামি পাপন সরকার তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘Papon Sarker MP’ থেকে একটি পোস্ট করেন। ওই পোস্টে ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে এমন বক্তব্য ছিল বলে অভিযোগ করা হয়।
একই দিন অপর আসামি সাগর সরকার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মুজিযা এবং উহুদ যুদ্ধে তাঁর দাঁত মোবারক ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে ব্যঙ্গ করে মন্তব্য করেন। পুলিশের ভাষ্য, আসামিদের ওই পোস্ট ও মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
এ ঘটনার পর স্থানীয়রা থানায় অভিযোগ দিলে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয়। পরে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৬(১) ধারায় মামলাটি রুজু করা হয়। মামলার আলামত হিসেবে অভিযুক্তদের ফেসবুক পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে এ ধরনের অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানায়, মামলা দায়ের পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন