বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে (Jean-Marc Sere-Charlet) মঙ্গলবার (২৮ জুলাই) রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি জাদুঘর এবং দেশের অন্যতম বৃহৎ আমের পাইকারি বাজার বানেশ্বর আমবাজার পরিদর্শন করেছেন।
জানা গেছে, রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে সফরসঙ্গীসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে দুপুর ২টা ৫ মিনিটে পুঠিয়া রাজবাড়িতে পৌঁছান। এ সময় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরবর্তীতে রাষ্ট্রদূত পুঠিয়া রাজবাড়ি জাদুঘরের বিভিন্ন স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন ও অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। তিনি রাজবাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুঠিয়া রাজবাড়ি পরিদর্শন শেষে দুপুর ২টা ৩০ মিনিটে রাষ্ট্রদূত বানেশ্বর আমবাজারের উদ্দেশে রওনা হন। বিকেল ৩টা ২০ মিনিটে তিনি সেখানে পৌঁছে বাজারের বিভিন্ন আড়ত ও দোকান ঘুরে দেখেন এবং আমের বিপণন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি স্থানীয়ভাবে উৎপাদিত আমের বাজারজাতকরণ ও রপ্তানির সম্ভাবনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি রাজশাহী অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কেও খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে বিকেল ৩টা ৪৫ মিনিটে রাষ্ট্রদূত তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ফ্রান্সের রাষ্ট্রদূতের এ সফর পুঠিয়ার ঐতিহাসিক স্থাপনা এবং রাজশাহী অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন