সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার হলো প্রায় বিশ লাখ টাকার লুট হওয়া মালামাল। এ সময় সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে জেলার পশ্চিমভাগ, পূর্ব শ্রীরামপুর ও সুলতানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-সাকিল আহমদ, আক্তার হোসেন ও রিহাদ আহমেদ।
ঘটনার বিবরণ উল্লেখ করে পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ৩টার দিকে সিলেটের মোগলাবাজার থানাধীন লালমাটিয়া রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি কাভার্ড ভ্যানকে একটি সাদা নোহা গাড়ি ব্যারিকেড দেয়। নোহা ও আরেকটি সাদা প্রাইভেট কারে থাকা ৬-৭ জন সশস্ত্র ডাকাতসদস্যরা স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের চালক ও হেলপারকে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে কনটেইনার খুলে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে। এ সময় হেলপারদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ডাকাতচক্র মালামাল গাড়িতে তুলে দ্রুত সিলেট শহরের দিকে পালিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা নং-০১/১৫২, তারিখ-০১/১২/২০২৫খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। এরই ধারাবাহিকতায় রাতভর অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ আরও জানায়, রিহাদের বাড়ির কচুর ঝোপ থেকে বস্তা ও কার্টুনভর্তি লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়। তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন