বিএনপির সহআন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ইতোমধ্যে আমরা দেখেছি- যে ছেলেটি গুলি করেছে, তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, সরকার চাইলে এ ধরনের নৃশংস খুনি, মাস্তান ও দুর্বৃত্তকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করতে পারে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং শরীফপুর আইডিয়াল হাইস্কুলের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায় এবং রাজনৈতিক সরকার গঠনের প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়- বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের দাঁতভাঙা জবাব দেবে।
তিনি বলেন, আমরা সরকারকে বলতে চাই- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, এমনকি সেনাবাহিনীও মাঠে রয়েছে। দ্রুত এই অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। অন্যথায় আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।
বিএনপির এই নেত্রী আরও বলেন, সরকারের ভেতরে যদি এমন কোনো অংশ থাকে যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তাহলে তাদের অবিলম্বে চিহ্নিত করুন। বাংলাদেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায় এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়। জনগণকে ক্ষেপাবেন না। জনগণ ক্ষেপলে কী হয়- তা ২০২৪ সালের আগস্ট মাসেই আমরা দেখেছি।
তিনি বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও লেভেল প্লেয়িং ফিল্ডের পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সব দল-মতের মানুষ নির্বিঘ্নে নির্বাচনে অংশ নিতে পারে- সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে শরীফপুর আইডিয়াল হাইস্কুলের সভাপতি মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন