বাগেরহাটের যাত্রাপুরে একটি বাড়ির বাথরুম থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম মুসলিমা খাতুন সিমা (২৮)। তিনি স্থানীয় আসাদ শেখের স্ত্রী।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বাথরুম থেকে সিমার মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আশপাশের লোকজন ভিড় জমায় ঘটনাস্থলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বলেন, মুসলিমা খাতুন সিমা (২৮) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জেনেছি, মানসিক রোগে ভুগছিলেন এবং পূর্বেও আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করেছি। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

