ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাগেরহাটে সেলিমের ডিজিটাল প্রচার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:৫৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাট জেলায় স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের ব্যতিক্রমধর্মী ডিজিটাল প্রচারে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে। জেলার ১, ২ ও ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী এই স্বতন্ত্র প্রার্থীর ডিজিটাল ক্যারাভ্যান ঘিরে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ।

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল স্ক্রিন, ভিডিও বার্তা ও গ্রাফিক উপস্থাপনায় সাজানো ক্যারাভ্যানটি বিভিন্ন এলাকা ঘুরে প্রচার চালালে তা দেখতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করছেন, কেউ আবার তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

স্থানীয়রা জানান, প্রচলিত পোস্টার ও মাইকিংয়ের বাইরে এমন আধুনিক ও সুশৃঙ্খল প্রচার বাগেরহাটে নতুন মাত্রা যোগ করেছে। তরুণ ভোটারদের পাশাপাশি বয়স্করাও ডিজিটাল ক্যারাভ্যানের সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে প্রার্থীর বক্তব্য ও পরিকল্পনা দেখছেন।

ডিজিটাল প্রচারে এমন অভিনব উদ্যোগ বাগেরহাটের নির্বাচনি মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।