ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আমার শেষ ইচ্ছা বাগেরহাটের উন্নয়ন : এম এ এইচ সেলিম

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৫৯ এএম
স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাকে কেন্দ্র করে বাগেরহাটের কচুয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলায় আয়োজিত এ জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী, সমর্থক এবং নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ এইচ সেলিম বলেন, কচুয়া আমার নিজের এলাকা। এখানকার মানুষ আমাকে ভালোভাবে চেনে। আমি সংসদ সদস্য থাকাকালে এই এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করেছি। সেই উন্নয়নের সাক্ষী এখানকার মানুষই।

তিনি আরও বলেন, রাজনীতিতে আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমার শেষ ইচ্ছা আমি বাগেরহাটকে উন্নয়ন করে যেতে চাই। বাগেরহাটের প্রতিটি মানুষ যেন উন্নয়নের সুফল পায়, সেটাই আমার একমাত্র লক্ষ্য।

আপনারা যদি আমাকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে কচুয়াসহ পুরো বাগেরহাটকে একটি পরিকল্পিত ও আধুনিক জেলা হিসেবে গড়ে তুলব।

এম এ এইচ সেলিম তার বক্তব্যে স্থানীয় সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, তরুণ সমাজের ভবিষ্যৎ এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

জনসভায় উপস্থিত বক্তারা বলেন, এম এ এইচ সেলিম একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা, যিনি অতীতেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। তারা আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনসভায় কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজ, ব্যবসায়ী, কৃষকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।