ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সৎ মা’র বিরুদ্ধে ৬ বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের ফকিরহাটে ৬ বছর ৭ মাস বয়সী মো. তালহা নামের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় সন্ধ্যায় অভিযুক্ত সৎ মা রুবাইয়া আক্তারকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

শনিবার (২৩ মে) সকালে উপজেলার লখপুর গ্রামের এপিসি ফার্মাসিউটিকালসের পিছনে ভাড়া বাড়িতে পানি ভর্তি বালতির মধ্যে মাথা দেওয়া অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। 

নিহত মো. তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎ মা রুবাইয়ার সাথে লখপুরে ভাড়া বাড়িতে থাকত।

পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, আপতত দৃষ্টিতে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।