সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় চাঁদাবাজির সময় ‘জেএসএস (মূল)’–এর সশস্ত্র দলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে পরিচালিত এ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, অভিযানের সময় সশস্ত্র দলটিকে চাঁদা আদায়ের চেষ্টা করতে দেখা যায়। সেনা টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে এবং টহল দলের ওপর গুলিবর্ষণ করে। জবাবে সেনাসদস্যরা পাল্টা গুলি চালিয়ে ধাওয়া দেন।
একপর্যায়ে অভিযুক্তরা একটি স্কুলঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। পরে তারা সেখান থেকে সরে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদসহ উদ্ধার করা হয়। পুলিশ সহযোগিতায় তাঁকে জরুরি ভিত্তিতে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড এসএমজি গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড ব্ল্যাঙ্ক গুলি, দুটি ম্যাগাজিনসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

