বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজার এলাকার বিলকিছ বেগম উচ্চবিদ্যালয় সংলগ্ন মার্কাস গলিতে অগ্নিকাণ্ডে আটটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ঘটনায় আরও তিনটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভাড়াটিয়া ও সাবলেটসহ অন্তত ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান, সকাল ৯টার দিকে তার বাড়ির সামনে থাকা টিনশেড বসতঘরগুলোর একটি থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় তার চারতলা ভবনের বারান্দার থাই গ্লাসও ভেঙে পড়ে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তপন মল্লিক বলেন, তিনি প্রায় ২০ বছর ধরে পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে ঘর নির্মাণ করেছিলেন। তবে আগুনে ঘরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে গেছে। বর্তমানে তিনি পরিবার নিয়ে কোথায় থাকবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, সকাল ৯টা ১২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আটটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং আরও তিনটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

