টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়েছে। এ পরিস্থিতিতে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে দুর্গম বন্যাকবলিত এলাকা থেকে শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছে বাহিনীটি।
বুধবার (৮ জুলাই) দুপুরে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে একটি দল থানচি উপজেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।
বিজিবি জানায়, টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় বলিপাড়া বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছেন।
বন্যাকবলিত এলাকায় গিয়ে বিজিবির সদস্যরা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে থানচির বন্যাকবলিত ও দুর্গম নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া এবং বড়পাথর এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে বিজিবি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে বাহিনীটি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

