মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গত রাতে ইরানে অত্যন্ত কঠোর হামলা চালিয়েছে এবং প্রয়োজন হলে আজ রাতেও আরও ভয়াবহ হামলা চালানো হবে।
বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, গত রাতে আমরা ইরানে খুব কঠোরভাবে হামলা চালিয়েছি। সম্ভবত আজ রাতেও তাদের ওপর খুব কঠোর হামলা চালানো হবে।
তিনি দাবি করেন, ইরানকে আগে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সেই সতর্কবার্তায় সাড়া দেয়নি। ফলে যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।
এর আগে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ট্রাম্প যুদ্ধবিরতি কার্যত শেষ বলে ঘোষণা দেন। তিনি ইরানের বর্তমান নেতৃত্বকে তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, তিনি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না।
ট্রাম্প আরও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।
সূত্র: রয়টার্স, আল জাজিরা।

