নরসিংদীর রায়পুরায় টানা ভারী বর্ষণের কারণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানঝুমা মাইজপাড়া গ্রামের আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরে তানঝুমা। এ সময় ভারী বর্ষণের কারণে বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির বাবা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়ি ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে পরিত্যক্ত মাটির ঘরের দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল। টানা বর্ষণে মাটির দেয়ালটি ভিজে নরম হয়ে ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়। তিনি বলেন, পরিবারের সঙ্গে প্রশাসনের যোগাযোগ রয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

