বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি তার বিরুদ্ধে জামায়াতে ইসলামী প্রার্থী ডা. সুলতান আহমদের আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
নুরুল ইসলাম মনি জানান, গত ২ ফেব্রুয়ারি বহিরাগতদের বোরকা পরিহিত অবস্থায় নির্বাচনি এলাকায় প্রবেশ, ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ এবং নির্বাচনের আগে অর্থ লেনদেনের প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী সমর্থিত একটি সাইবার টিম ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ছাড়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী জামায়াতের পক্ষে নির্বাচনি এলাকায় সক্রিয় হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
নির্বাচনের দিন জোরপূর্বক ভোটগ্রহণ, ভোটারদের হয়রানি এবং ভোট গণনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা থাকতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে তিনি নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।
নুরুল ইসলাম মনি বলেন, এসব কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।


