বরগুনার বামনা উপজেলায় স্ত্রীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এক প্রবাসীকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মো. আবদুল জলিল (৪৫) পাঁচ সন্তানের জনক। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী নাজমা বেগম (৩৫) ও তার পরকীয়া প্রেমিক গৃহকর্মী আল আমিনকে (৩০) আটক করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামের নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে প্রবাস থেকে দেশে ফেরেন আবদুল জলিল। তার অনুপস্থিতিতে দীর্ঘ পাঁচ বছর ধরে বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করা আল আমিনের সঙ্গে স্ত্রী নাজমা বেগমের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি জানতে পারলে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চরমে পৌঁছায়।
রোববার দুপুরে সুযোগ বুঝে নাজমা বেগম ও আল আমিন প্রথমে আবদুল জলিলকে অচেতন করে এবং পরে গলা টিপে হত্যা করে।এমন তথ্য পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ বামনা থানায় নেওয়া হয়। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বামনা থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানান, আটক নাজমা বেগম ও আল আমিন জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের আগের দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং মারধরের ঘটনাও ঘটে। এসব বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।


