বরিশাল-১ আসনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় গণভোটকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি দেখা দিয়েছে। গণভোটের উদ্দেশ্য, প্রশ্নের ধরন, ভোটের ফলের প্রভাব এবং ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় ভোটারদের একটি বড় অংশ অনিশ্চয়তায় ভুগছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, গণভোট বলতে কী বোঝায় এবং এতে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিলে রাষ্ট্রীয় কিংবা রাজনৈতিক কাঠামোয় কী ধরনের পরিবর্তন আসতে পারে—এ বিষয়ে এখনো তারা স্পষ্ট ব্যাখ্যা পাননি।
ভোট দেবেন, কিন্তু বিষয়টি পরিষ্কার নয়
আগৈলঝাড়া উপজেলার এক কৃষক ভোটার মোহাম্মদ আলী বলেন, নির্বাচনে আমরা দল দেখে ভোট দিই। কিন্তু গণভোটে কিসের ওপর ভোট দিচ্ছি, সেটাই পরিষ্কার না। কেউ বলছে এটা বড় সিদ্ধান্তের ভোট, কিন্তু সিদ্ধান্তটা কী—তা কেউ বোঝায় না।
গৌরনদী পৌরসভার এক তরুণ ভোটার রফিকুল ইসলাম বলেন, ফেসবুক আর ইউটিউবে নানা কথা শোনা যাচ্ছে। কেউ বলছে এটা ক্ষমতার প্রশ্ন, কেউ বলছে সংবিধানের বিষয়। অফিসিয়ালি সহজ করে কেউ বুঝিয়ে না বললে বিভ্রান্তি কাটবে না।
গুজব ও অপতথ্যে বাড়ছে বিভ্রান্তি
স্থানীয়দের অভিযোগ, গণভোট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। এতে করে সাধারণ ভোটাররা কোন তথ্য সঠিক আর কোনটি ভুল—তা বুঝতে পারছেন না। ফলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ও ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় তৈরি হচ্ছে।
গৌরনদীর এক স্কুলশিক্ষক সোহেল বলেন, গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে ভোটারদের সচেতনতা সবচেয়ে জরুরি। কিন্তু এখন পর্যন্ত যে প্রচার দেখা যাচ্ছে, তা যথেষ্ট নয়।
প্রশাসনিক প্রচার কম—ভোটারদের অভিযোগ
ভোটারদের একটি বড় অংশের দাবি, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গণভোট নিয়ে পর্যাপ্ত জনসচেতনতামূলক কার্যক্রম চোখে পড়ছে না। গ্রামাঞ্চলে মাইকিং, লিফলেট বিতরণ, উঠান বৈঠক কিংবা স্থানীয় পর্যায়ে ব্যাখ্যামূলক সভার ঘাটতি রয়েছে বলে তারা অভিযোগ করেন।
একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেন, মানুষ জানতে চায়—গণভোটে ভোট দিলে এর ফল কী হবে। এই প্রশ্নের উত্তর আগে পরিষ্কার করা দরকার।
সচেতন নাগরিকদের দাবি
গৌরনদী–আগৈলঝাড়ার সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মনে করেন, গণভোট সফল করতে হলে দ্রুত ও সহজ ভাষায় ভোটারদের কাছে তথ্য পৌঁছে দিতে হবে। তা না হলে ভোটারদের বিভ্রান্তি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনগণের সরাসরি মতামত নেওয়ার এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও তথ্যভিত্তিক প্রচার নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন