বরিশালে একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির ওষুধবাহী পিকআপ ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই সিএনজির যাত্রী ছিলেন।
সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ। তিনি জানান, নাভানা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি পিকআপ ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী একটি সিএনজি বরিশাল থেকে গৌরনদীর দিকে যাচ্ছিল। যান দুটি বিকেল সাড়ে তিনটার দিকে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় পৌঁছালে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সিএনজির এক নারী ও অপর একজন পুরুষ যাত্রীর মৃত্যু হয়।
বাবুগঞ্জ থানার এসআই ইকবাল কবির জানান, নিহতরা হলেন, গৌরনদী উপজেলার বাসিন্দা শহিদুল ইসলাম (৪৮) ও তার চাচি (নাম জানা যায়নি)। তারা দুজনই ঘটনাস্থলেই মারা যান। এতে অপর তিনজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর ৩০ মিনিট মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে বিকেল চারটার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
-20260302212438.webp)

