ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লাইটার জাহাজের ধাক্কায় নৌকাডুবি, তিন জেলে আহত

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি- সংগৃহীত

ভোলার মেঘনা নদীতে একটি লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরার একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকায় থাকা তিন জন জেলে আহত হয়েছেন। আহত জেলেরা হলেন, আল আমিন মাঝি (৪০), মো. মনির ও মো. তামিম। তারা সবাই ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোলার খাল সংলগ্ন বেড়িবাঁধ এলাকার বাসিন্দা। 

সোমবার (৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে ভোলার খাল মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আল আমিন মাঝির নেতৃত্বে তিন জন জেলে একটি নৌকায় করে মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় একটি লাইটার জাহাজ নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায় এবং তিন জন জেলে নদীতে পড়ে আহত হন।

পরে স্থানীয় জেলেদের সহায়তায় আহতদের নদী থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।