ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মো. শাকিল (৩০) নামে এক যুবককে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের মো. তামিমের বিরুদ্ধে।
রোববার (১১ জানুয়ারি) ভোরে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যু হয়। নিহতের বাবা এই ঘটনায় হত্যা মামলা করেছেন।
নিহত শাকিল চাঁদপুর ইউনিয়নের কেরানির দোকান এলাকার মো. ইউনুছের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় দোকানের সামনে শাকিল টিভি দেখছিলেন। হঠাৎ পেছন থেকে তামিম স্টাম্প দিয়ে তার মাথায় আঘাত করেন। শাকিল মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে ভোলা জেনারেল হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ ঢাকার আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে শাকিলের ভাই রাকিবের সঙ্গে তামিমের ৬০০ টাকা নিয়ে ঝগড়া হয়েছিল। ঝগড়া থামাতে গেলে শাকিল তামিমকে থাপ্পড় দেন। এরপরই তামিম প্রতিশোধ নিতে হামলা চালান।
তজুমদ্দিন থানার ওসি মো. আবদুস সালাম জানিয়েছেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ যায়। অভিযুক্ত তামিমের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


