ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সরে দাঁড়াল এলডিপি, ভোলা-২ এ নির্বাচনি সমীকরণে বড় পরিবর্তন 

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি : সংগৃহীত

ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে ১১ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিমকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোকফার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমরা ১১ দলীয় জোটের অংশ। নিজেদের মধ্যে এমন কোনো অবস্থান চাই না, যাতে করে প্রতিপক্ষ সুবিধা পেয়ে যায়। জোটের বৃহত্তর স্বার্থেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি জানান, এলডিপির সভাপতি রোববার দুপুর ২টায় ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করবেন। ঘোষণার পর তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীর সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন বলেও জানান।

এর আগে, রোববার সকালে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিমের মায়ের মৃত্যুতে ফোন করে সমবেদনা জানান মোকফার উদ্দিন চৌধুরী। এ সময় তিনি মাঠ পর্যায়ের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় মাওলানা ফজলুল করিমকে সমর্থন দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে গত শনিবার (২৪ জানুয়ারি) ভোলা-২ আসনের নির্বাচন পরিচালক মো. মাকসুদূর রহমান এক বিশেষ বার্তায় ভোটারদের উদ্দেশে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা ফজলুল করিম নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়।