ভোলার ইলিশা এলাকা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও গাঁজাসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা এবং একাধিক মামলার আসামি মো. জাকির হোসেন (৪২) ঢাকা থেকে কর্ণফুলি-১৩ লঞ্চে করে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় আসছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে লঞ্চে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি এবং আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
কোস্ট গার্ড জানায়, আটককৃত আসামি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

