ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধুনটে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:২৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে ছাত্রদল নেতার দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাকিব খাঁন বিজয়কে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বিজয় ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি ও পশ্চিম ভরণশাহী গ্রামের মৃত জাহিদুল ইসলাম খাঁনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী গত ৩০ নভেম্বর মধ্যরাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভূবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা রাস্তায় মশাল মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দেয়। এ সময় তারা মুহূর্তে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিয়ে নাশকতা সৃষ্টি করে। হঠাৎ ককটেলের বিকট শব্দ শুনে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বাইরে এসে প্রতিরোধের চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় এবং প্রাণনাশের চেষ্টা করে।

পরে ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ছাত্রলীগ নেতা সাকিব খাঁন বিজয়কে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, ‘গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’