বিয়ের প্রলোভনে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই হিরো আলম গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন। আজ দুপুরে তিনি যখন ঢাকা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তখন তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তার অবস্থান নিশ্চিত করে। পরে শাজাহানপুর এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদিয়া রহমান মিথিলা নামে এক নারীকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে হিরো আলমের বিরুদ্ধে। এমনকি ওই নারীকে গর্ভপাত করাতেও বাধ্য করা হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়। ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়ার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী।
পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। তদন্ত শেষে হিরো আলমের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে আদালতে প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।


