শুরু থেকেই কোনো ডাকবাংলো ছিল না বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে। উপজেলাবাসীর প্রত্যাশা ছিল অনেক। অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে তা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে ৩ কোটি টাকা ব্যয়ে শিবগঞ্জে নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ডাকবাংলো।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা শিশু পার্ক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, শিবগঞ্জসহ সারা দেশের সার্বিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উপজেলায় আধুনিক ডাকবাংলো নির্মিত হলে সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন পর্যায়ের আগতদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে, যা প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিবগঞ্জে একটি মানসম্মত ডাকবাংলোর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিমন্ত্রী মীর শাহে আলম সেই দাবি পূরণ করেছেন, যা শিবগঞ্জের উন্নয়ন অভিযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

