ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধুনটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৫:২১ পিএম
প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে লিলি খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিলি খাতুন ওই গ্রামের রাজু মন্ডলের স্ত্রী এবং শেরপুর উপজেলার বাগড়া হঠাৎপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের আলমগীরের ছেলে রাজু মন্ডলের সঙ্গে পার্শ্ববর্তী শেরপুর উপজেলার বাগড়া হঠাৎপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে লিলি খাতুনের বিয়ে হয়। বৈবাহিক জীবনে অভাব-অনটনের সংসারে যমুনা নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন রাজু মন্ডল। রাজু ও লিলির দাম্পত্য জীবনে আব্দুল্লাহ (৫) নামের একটি ছেলে সন্তান জন্ম নেয়।

এরপর গত প্রায় এক বছর ধরে রাজু মন্ডল স্ত্রী লিলি খাতুনকে না জানিয়ে অন্যত্র বিবাহ করেন। বিবাহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজু মন্ডলের সঙ্গে লিলি খাতুনের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ চলছিল।

গত বুধবার (৪ মার্চ) প্রতিদিনের মতো রাজু মন্ডল জীবিকার তাগিদে কর্মস্থলে যান এবং শাশুড়ি বিকেল আনুমানিক ৩টার দিকে পার্শ্ববর্তী আওলাকান্দি ঘাটে টিসিবি পণ্য আনতে যান। বিকেল ৪টায় শাশুড়ি বাড়িতে এসে ঘরের জানালা ও দরজা বন্ধ দেখে ভিতরে প্রবেশ করতে না পেরে ঘরের টিন খুলে রুমের ভিতরে তীরের সঙ্গে লিলি খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। শাশুড়ির ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ধুনট থানা পুলিশ।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার পর থেকে স্বামী রাজু মন্ডল পলাতক রয়েছেন।

ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল জানান, ‘এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা যাবে।’