বগুড়ার আদমদীঘিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ২শ ৫ গ্রাম গাঁজা ও ৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আদমদীঘি উপজেলার ধনতলা গ্রামের সিরাজ শাহার ছেলে হারুনুর রশিদ ওরফে তাহের (৫৭), একই উপজেলার মন্ডবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৫) ও কুসুম্বী গ্রামের ইনছের মন্ডলের ছেলে আনিছুর মন্ডল (৫১)।
আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, গত শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালান থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা।
এ সময় নসরৎপুর শহীদ মিনারের সামনে মাদক বিক্রি করা কালে ২শ ৫ গ্রাম গাঁজাসহ হারুনুর রশিদ ওরফে তাহেরকে এবং নওগাঁ-বগুড়া মহাসড়কের পাশে ডালম্বা গ্রামস্থ তালুকদার অটো রাইস মিলের সামনে থেকে ২০ পিস ট্যাপেন্টাডলসহ ওমর ফারুককে গ্রেপ্তার করে থানা পুলিশ।
অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আদমদীঘির কুসুম্বী গ্রামে নিজ বাড়িতে মাদকদ্রব্য বিক্রি করা কালে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনিছুর মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
এসব ঘটনায় থানায় পৃথক তিনটি মাদক মামলা হয়েছে। রোববার (৩ মে) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।
-20260503101214.webp)

