বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়ায় বালুবাহী একটি ট্রাক পেছন থেকে আরেকটি ট্রাককে ধাক্কা দিলে চলন্ত গাড়ির দুই চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। ধাক্কার তীব্রতায় সামনে মালবাহী ট্রাকের এক্সেল ভেঙে চলন্ত অবস্থাতেই পেছনের দুটি চাকা খুলে মহাসড়কে ছিটকে পড়ে। তবে অলৌকিকভাবে এই বিপজ্জনক দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে দুপচাঁচিয়া সি-অফিস বাসস্ট্যান্ড এলাকার মৌ প্লাজা মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে মহাসড়ক দিয়ে একটি পণ্যবাহী ট্রাক যাওয়ার সময় বিপরীতমুখী একটি বালুবাহী ট্রাককে সাইড দিতে যায়। এ সময় দুই ট্রাকের মধ্যে ধাক্কার চোটে মালবাহী ট্রাকটির পেছনের মূল এক্সেল ভেঙে যায় এবং মুহূর্তের মধ্যে চলন্ত গাড়িটি থেকে দুটি চাকা খুলে রাস্তায় ছিটকে পড়ে। তবে চালক অক্ষত রয়েছেন এবং ট্রাকে থাকা মালামালেরও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কে চলাচলকারী বালুবাহী ট্রাকগুলো প্রতিনিয়ত নিয়মকানুনের তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে চলাচল করে। যার কারণে এই রুটে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বেপরোয়া বালুবাহী ট্রাকের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

