বগুড়ার শাজাহানপুরে ঢাকা–রংপুর মহাসড়কে ট্রাকচালক ও হেলপারের ওপর ছিনতাই চালানো এক দুঃসাহসী ঘটনার পর হাঁসুয়াসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর সহযোগী পালিয়ে গেছে।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গভীর রাতে বি-ব্লক ওভারপাস এলাকার ফুটওভার ব্রিজ সংলগ্ন স্থানে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালক মো. রাজু (২৮) এবং হেলপার মো. সুমন (১৮) দিনাজপুর থেকে ঢাকাগামী চালবোঝাই ট্রাক নিয়ে যাচ্ছিলেন। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে ট্রাক থামালে দুই ছিনতাইকারী হাঁসুয়া নিয়ে তাদের পথরোধ করে।
গলায় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা দাবি করলে তারা বাধা দেওয়ায় চালক ও হেলপারকে এলোপাতাড়ি কোপায়। এ সময় চালকের কাছে থাকা নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগীদের চিৎকারে টহলরত শেরপুর হাইওয়ে পুলিশের সদস্যরা ধাওয়া চালিয়ে একজনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে একটি ধারালো হাঁসুয়া জব্দ করে। অপর সহযোগী পালিয়ে গেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- মো. এরশাদুল ইসলাম (৪২) রহিমানাবাদ উত্তরপাড়া এলাকার বাসিন্দা। পলাতক সহযোগী মো. আ. জলিল (৪০) মাঝিড়া এলাকার বাসিন্দা।
হামলায় গুরুতর আহত হেলপার সুমনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চালক রাজুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, চালক রাজুর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন