ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মুন্সেফপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে রাজু প্রকাশ সাগর মিয়া নামে এক যুবক আহত হওয়ার ঘটনায় ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মুন্সেফপাড়ার আনিছের ছেলে সাগর (১৯) ও অনিক (২৪); পৈরতলার হাছু মিয়ার ছেলে রুবেল (২৫); মধ্যপাড়ার দুলাল মিয়ার ছেলে হৃদয় (২৫); ফুলবাড়িয়ার মৃত আবু ছালেকের ছেলে মো. রাজু (২৫); মুন্সেফপাড়ার অহিদ মিয়ার ছেলে জসিম মিয়া (২৫); কাজীপাড়ার মৃত রহমতের ছেলে সাগর প্রকাশ বুলেট (২৪) এবং মধ্যপাড়ার সিরাজুল ইসলামের ছেলে সাব্বির (৩৩)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এর আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে রাজু প্রকাশ সাগর মিয়া গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভুক্তভোগী সাগরের বাবা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত অভিযুক্তদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন