ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুদিন বন্ধ আখাউড়া স্থলবন্দর

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:১১ পিএম
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম দুদিন বন্ধ থাকবে। তবে ভোটের দিন উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও সাময়িক বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. নেছার উদ্দিন ভূঁইয়া জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে। বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও জানানো হয়েছে।

আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সরকারের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার শুল্ক স্টেশনসহ বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি আব্দুস সাত্তার জানান, নির্বাচনের কারণে ইমিগ্রেশন কার্যক্রম শুধু ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া অন্যান্য দিন আগের মতো পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।