ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার দায়ে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার দায়ে ‘সেবা মেডিকেল হল’ ও ‘ডক্টরস কেয়ার’ নামে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ। এ সময় আখাউড়া থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অনিয়ম চলছে- এমন অভিযোগের ভিত্তিতে পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে রাধানগরের ‘সেবা মেডিকেল হল’ ও ‘ডক্টরস কেয়ার’ নামে দুইটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়।
এ ছাড়া একাধিক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল। প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করে দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ জানান, ‘মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার অপরাধে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’



