ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত অন্তত ২০

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:১০ এএম
পাল্টাপাল্টি সংঘর্ষে আহতরা

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের নির্বাচনি প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এম এ হান্নানসহ উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এসব সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খাজুরিয়া বাজার ও রুপসা বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান এবং বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে চার দফা হামলা ও পাল্টাপাল্টি সংঘর্ষ হয়।

এর আগে উপজেলার হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকেরা মিছিল নিয়ে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

রাতে এম এ হান্নান অভিযোগ করে বলেন, তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়েছে। এতে তিনি নিজে আহত হন। আহতদের মধ্যে রয়েছেন সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম পাটওয়ারী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জসিম পাটোয়ারী, ইউসুফ, শ্রমিক দলের সভাপতি আলী হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।

অন্যদিকে রুপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবু অভিযোগ করে বলেন, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ঘটনার জেরে চিংড়ি প্রতীকের সমর্থকেরা রুপসা বাজারে ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালায়। এতে ফারুক (৩৫), অহিদুল্লাহ (৪০) ও শাহাদাত হোসেন (২০) আহত হন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ইউএনও জানান, কোনো পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।