ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজার থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালিয়ে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে রূপসা বাজারের সিএনজি স্কুটার স্ট্যান্ডের পাশে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে বগি, দামা, চাইনিজ কুড়াল ও চুরি উল্লেখযোগ্য।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া জানান, অস্ত্র উদ্ধারের বিষয়টি জানা গেছে। তবে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা দিতে পারবেন।

চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী রূপসা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। কারা এই অস্ত্র এখানে রেখেছে তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।