বাথরুমের বালতির পানিতে ডুবে আবরাহাম (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ৯ নম্বর ওয়ার্ডের আলীগঞ্জ-কংগাইশ গ্রামের বড় হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার দুই দিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। আবরাহাম একই উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁ গ্রামের পাটওয়ারী বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদুল ফিতর উপলক্ষে দুই দিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে আবরাহাম। দুপুরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। এ সময় নানার বসতঘরের ভেতরের বাথরুমে থাকা বালতির পানিতে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে শিশুটির মা ডাক-চিৎকার শুরু করেন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর পরিবারের ধারণা, বসতঘরের বাথরুমের বালতির পানিতে খেলতে গিয়ে কোনোভাবে শিশুটি উপুড় হয়ে বালতিতে আটকে যায়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। যেসব ঘরে সাঁতার না জানা শিশু থাকে, সেসব পরিবারকে বাথরুমে কোনোভাবে পানি জমিয়ে না রাখার পরামর্শ দেন তিনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।


