চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের পর রবিউল ইসলাম রবি (৩৫) নামে এক বাংলাদেশি যুবক বিএসএফের হাতে আটক হওয়ার পর মারা গেছেন। বিএসএফ ঘটনাটিকে অসুস্থতাজনিত মৃত্যু বললেও স্থানীয়দের অভিযোগ, আটকের পর নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।
নিহত রবিউল ইসলাম রবি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে। একই রাতে গরু চোরাচালান করতে গিয়ে আরেক বাংলাদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত ফিরোজ কবীরের ছেলে মো. লাল কাজল (৩৪)।
স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (০৪ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুরটেক সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় প্রবেশ করে। এ সময় রঘুনাথগঞ্জ থানা এলাকার বিএসএফের পাতলা টোলা সাব-ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালাতে সক্ষম হলেও রবিউল বিএসএফের হাতে ধরা পড়ে। আটকের পর রবিউলের মৃত্যু রোববার সকালে এলাকায় ছড়িয়ে পড়ে। বিকেলে পরিবার বিজিবির কাছে অভিযোগ দেয়।
নারায়ণপুর ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী বলেন, ‘ভোর রাতে কয়েকজন মিলে গরু আনতে ভারতে যায়। পরে জানতে পারি, রবিউল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পাই। তবে তিনি দাবি করেন, আটকের পর নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, পরিবারের অভিযোগ পাওয়ার পর বিএসএফের সঙ্গে সন্ধ্যা সাড়ে ৫টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানায়, খালি গায়ে ও হাফ প্যান্ট পরা অবস্থায় রবিউলকে আটক করা হয়। এ সময় তার পুরো শরীর পানিতে ভেজা ছিল। পরে ক্যাম্পে নেওয়ার পর জামা-কাপড় দেওয়া হলেও শরীরে খিচুনি দেখা দেয়। তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়। বিএসএফ জানিয়েছে, সোমবার তার মৃতদেহ হস্তান্তর করা হতে পারে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, বিএসএফের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে মরদেহ ফেরত পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না। নিহতের বাবাও জানিয়েছেন, তার ছেলে মৃগী রোগে ভুগছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন