ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সামগ্রী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ রিটার্নিং অফিসারদের কাছ থেকে নির্বাচনি ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল ও অমোচনীয় কালিসহ যাবতীয় নির্বাচনি সরঞ্জাম সংগ্রহ করেন। সদর উপজেলা রিটার্নিং অফিসার মারুফ আফজাল রাজন এ তথ্য নিশ্চিত করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে নির্বাচনি সামগ্রী বিতরণকালে তিনি বলেন, একটি ঐতিহাসিক নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনি সামগ্রী বিতরণ সকাল থেকে শুরু হয়েছে। প্রথমেই দুর্গম চরাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকার ভোটকেন্দ্রে নির্বাচনি ব্যালট পেপার, ব্যালট বাক্স ও অমোচনীয় কালিসহ যাবতীয় নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে যা বিকাল পেরিয়ে সন্ধ্যাও গড়িয়ে যেতে পারে। তবে এবারই প্রথম একই সাথে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি সংসদে প্রতিনিধিত্বকারী প্রার্থী নির্বাচন এবং অপরটি হ্যাঁ-না ভোট নির্বাচন। ভোটাররা দুইটি ব্যালট পেপারে ভোট দেবেন। সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট।
আর তাই ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দিতে ভোটাররা তাদের পচ্ছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁ কিংবা না তে ভোটাধিকার প্রদানের পর একই ব্যালট বাক্সে ২টি ব্যালট পেপার ফেলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান এই কর্মকর্তা।

