ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এতিমদের মাঝে ৫৯ বিজিবির ঈদ উপহার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১১:৫৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র মাহে রমজানের বিদায় লগ্নে ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বুধবার (১৮ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার একটি শিশু সদনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম।

এ সময় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়। পাশাপাশি ঈদের দিনের উন্নত খাবারের জন্য পোলাওয়ের চাল, সেমাই, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অভিভাবকহীন এসব শিশুর জন্য এই আয়োজন শুধু প্রয়োজন মেটায়নি, বরং তাদের মাঝে ভালোবাসা ও আপনত্বের অনুভূতি জাগিয়েছে।

উপহার বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। তারা সমাজেরই অংশ। তাদের আনন্দ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে কোনো শিশুকেই আর নিজেকে অসহায় মনে করতে হবে না।

বিজিবির এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।