চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে আবারও ৬ থেকে ৭ জনকে জোরপূর্বক পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয় জনতার সহযোগিতা নিয়ে বিএসএফের পুশইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৪ জুন) দুপুর ১২টার দিকে এবং রাত সাড়ে ১০টার দিকে দুই দফায় রোকনপুর বিওপির সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ-ইনের চেষ্টা করা হয়।
সোমবার (১৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্তবর্তী এলাকা দিয়ে দুপুর ১২টা এবং রাত সাড়ে ১০টার দিকে ৫ থেকে ৬ জন নারী ও শিশুকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করে বিজিবি।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কড়া নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ধরনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিজিবি সম্পূর্ণ বদ্ধপরিকর বলে জানান তিনি। তিনি স্থানীয় জনগণকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকে আরও বেশি সম্পৃক্ত করে এ ধরনের পুশ-ইন কার্যক্রম প্রতিহত করা হচ্ছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।

