ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কামরাঙ্গীরচরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১১:৪১ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার বোন শারমিন আক্তার জানান, তার ভাই একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। রাতে মুজাহিদসহ ২০-২৫ জন পূর্ব শত্রুতার জেরে কামরাঙ্গীরচর ব্যাটারি গলি ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় কাউসার নামে একজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে গুরুতর জখম করে। পরে খবর পেয়ে তারা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর এলাকার আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ। তিনি বর্তমানে কামরাঙ্গীরচর ব্যাটারি গলি ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।