ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শনির আখড়ায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১১:৫৩ পিএম
ফাইল ছবি।

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিনোদ বিশ্বাস (২০) নামের এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার বড় ভাই বিধান বিশ্বাস জানান, বিনোদ বিশ্বাস ধানমন্ডির ব্রিটিশ কাউন্সিলের শিক্ষার্থী ছিলেন। তিনি এ-লেভেল শেষ করেছেন। রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে শনির আখড়া এলাকায় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার নিশ্চিতপুর গ্রামে। তাদের বাবার নাম নারায়ণ বিশ্বাস। বর্তমানে তারা পল্টন থানার শান্তিনগর এলাকার ১০৭/২ নম্বর বাসায় বসবাস করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।