ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিমি যানজট, চরম ভোগান্তি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১১:১২ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (১৫ জুন) মাধবপুর উপজেলার বাখরনগর এলাকা থেকে শায়েস্তাগঞ্জের অলিপুর গেইট পর্যন্ত মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার করে মোট ১০ কিলোমিটার এলাকায় এই যানজট ছড়িয়ে পড়ে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অলিপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিক বহনকারী যানবাহনের অতিরিক্ত চলাচল এবং চলমান ছয় লেন সড়ক নির্মাণকাজের কারণে মহাসড়কে যানবাহনের গতি কমে যায়। পরে ধীরে ধীরে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে।

যানজটে আটকে থাকা যাত্রী শাহিনা আক্তার বলেন, ‘সকাল থেকেই রাস্তায় আছি। ছোট শিশুকে নিয়ে বাসে দীর্ঘ সময় বসে থাকতে খুব কষ্ট হচ্ছে। যানজটের কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।’

বিদেশগামী যাত্রী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আজ রাতেই আমার ফ্লাইট। সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারব কি না, তা নিয়ে উদ্বেগে আছি। এই যানজট আমাদের জন্য বড় ধরনের ভোগান্তি তৈরি করেছে।’

ঢাকাগামী বাসচালক আব্দুল মালেক বলেন, ‘সকাল থেকে কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতেই কয়েক ঘণ্টা সময় লেগে যাচ্ছে। সড়ক নির্মাণকাজ এবং শিল্পাঞ্চলমুখী যানবাহনের চাপ একসঙ্গে থাকায় মহাসড়কে চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, অলিপুর শিল্পাঞ্চলে শ্রমিক পরিবহনকারী গাড়ির অতিরিক্ত চাপ এবং ছয় লেন সড়ক সম্প্রসারণ কাজ চলমান থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

দীর্ঘ সময়ের এই যানজটের কারণে মহাসড়কে আটকে থাকা যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে অসুস্থ ব্যক্তি, নারী, শিশু এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।