প্রায় এক বছর বাংলাদেশে অবস্থানের পর চার ভারতীয় নাগরিককে অবশেষে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৮ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
হস্তান্তর প্রক্রিয়ার সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে ভারতীয় চার নাগরিককে হস্তান্তরের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের বাধা দেয় বিজিবি।
জানা যায়, গত বছরের জুন মাসে রংপুরের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশের নাগরিক পরিচয় দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার দুই নারী, দুই পুরুষ ও দুই শিশুসহ মোট ছয়জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে তারা দেশের বিভিন্ন এলাকায় ঘুরে চাঁপাইনবাবগঞ্জে আশ্রয় নেন।
এরপর ২০ আগস্ট সদর থানা পুলিশ তাদের শহরের আলীনগর এলাকা থেকে আটক করে অবৈধ অনুপ্রবেশের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ভারতের সুপ্রিম কোর্ট গত বছরের ২৬ সেপ্টেম্বর চার সপ্তাহের মধ্যে ওই ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
পরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে গত ১২ ডিসেম্বর বিচারক তাদের স্থানীয় জিম্মাদার ফারুক হোসেনের জিম্মায় জামিন মঞ্জুর করেন। একই দিন ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার নবজাতক শিশুকে সোনামসজিদ সীমান্ত দিয়ে গ্রহণ করে বিএসএফ। তবে সোনালীর স্বামীকে সে সময় ফিরিয়ে নেয়নি বিএসএফ।
এরপর থেকে চার ভারতীয় নাগরিক বাংলাদেশেই অবস্থান করছিলেন। অবশেষে বুধবার বিকেলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

